পূর্ব মেদিনীপুর জেলার দীঘার নায়েকালী মন্দিরে আর্থিক তছরূপের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় পদিমা-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সুজিত কর এবং মন্দির কমিটির কোষাধ্যক্ষ সুবল সাউকে গ্রেপ্তার করেছে দীঘা মোহনা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরের আর্থিক লেনদেন ও তহবিল ব্যবহারে অনিয়ম এবং তছরূপের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।
এদিকে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। বিজেপির কর্মী-সমর্থকেরা হাতে ডিম নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ, অভিযুক্তদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের চেষ্টা করা হয় এবং "চোর চোর" স্লোগানে সরব হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। তবে পুলিশের তৎপরতায় কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। মন্দিরের আর্থিক তহবিল সংক্রান্ত আরও কোনও অনিয়মের তথ্য সামনে আসে কি না, সেদিকেও নজর রাখছে তদন্তকারী সংস্থা

0 মন্তব্যসমূহ