৪৮ ঘণ্টা পর বাড়ি ফিরলেন জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন, রহস্য ঘনীভূত নিখোঁজের ঘটনায়
জাহাঙ্গীর বাদশা।।হাওড়া।।
প্রায় ৪৮ ঘণ্টার রহস্যজনক নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন হাওড়ার জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। তবে এই দুই দিন তিনি কোথায় ছিলেন, কার সঙ্গে ছিলেন এবং কী কারণে বাড়ি ছেড়ে বেরিয়েছিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা নাগাদ হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেন এলাকার বাড়ি থেকে দুধ কিনতে বের হন দময়ন্তী। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
অবশেষে শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় দময়ন্তীকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁরা বিষয়টি দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেনকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।
তবে দময়ন্তীর এই রহস্যজনক নিখোঁজ হওয়ার কারণ নিয়ে মুখ খুলতে নারাজ পরিবার। গত ৪৮ ঘণ্টায় তিনি কোথায় ছিলেন, কীভাবে কাটিয়েছেন বা কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন—এসব বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশও পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। দময়ন্তীর নিখোঁজ হওয়া এবং ফিরে আসার নেপথ্যে ঠিক কী ঘটনা রয়েছে, তা জানতে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।

1 মন্তব্যসমূহ
ঘটনাটা ভালো করে খতিয়ে দেখতে হবে আর পুরো ব্যাপার টা জানতে হবে।
উত্তরমুছুন