Header Ads Widget

ERTERTERT

তৃণমূলের পতন ও রাজ্যে বিজেপি সরকার গঠন: এগরায় ৫ বিজেপি কর্মীর ‘গণ মুন্ডন’ কর্মসূচি



 রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও তৃণমূল সরকারের পতনের পর পূর্ব মেদিনীপুরের এগরায় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। মহাদেবের কাছে করা পুরনো মানত পূরণ করতে একযোগে মাথা ন্যাড়া করলেন ৫ বিজেপি কর্মী ও স্থানীয় নেতৃত্ব। আজ দুপুরে এগরা ১ ব্লকের সাহাড়া অঞ্চলের শিপুর বাজারের বিখ্যাত কেশবেশ্বর জিউ শিবের মন্দিরে এই ‘গণ মুন্ডন’ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, বিগত তৃণমূল সরকারের আমলে তাঁদের ওপর রাজনৈতিক প্রতিহিংসাবশত একাধিক মিথ্যে মামলা চাপানো হয়েছিল। সেই চরম হেনস্থা ও কঠিন সময়ে তাঁরা কেশবেশ্বর জিউ শিবের মন্দিরে এসে মানত করেছিলেন— রাজ্যে যেদিন তৃণমূল সরকারের পতন ঘটবে এবং বিজেপি সরকার গঠন করবে, সেদিন তাঁরা মহাদেবের চরণে নিজেদের মাথার চুল উৎসর্গ করবেন।
সেই মানত অনুসারেই আজ দুপুরে সাহাড়া অঞ্চলের শিপুর বাজারে জড়ো হন বিজেপি কর্মীরা। এরপর কেশবেশ্বর জিউ মন্দিরে পুজো দিয়ে একযোগে ৫ জন কর্মী ও নেতা মাথা ন্যাড়া করেন। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ক্ষমতা বদলের পর এই ধরণের অভিনব ও ব্যতিক্রমী উদযাপন এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এই কর্মসূচি প্রসঙ্গে এক বিজেপি কর্মী জানান, "তৃণমূল জমানায় দিনের পর দিন আমাদের ওপর যে অত্যাচার আর মিথ্যে মামলার বোঝা চাপানো হয়েছিল, আজ তা থেকে মুক্তি মিলেছে। রাজ্যে সুশাসন এসেছে। আমরা মহাদেবের কাছে যে মানত করেছিলাম, আজ তা ভক্তিভরে পূরণ করলাম।" এই গণ মুন্ডন কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই শিপুর বাজার ও মন্দির চত্বরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ