Header Ads Widget

ERTERTERT

পেট্রোলের সঙ্গে জল মেশানোর অভিযোগ! গ্রাহকদের তুমুল বিক্ষোভের জেরে বন্ধ এগরার পেট্রল পাম্প


জাহাঙ্গীর বাদশা।। এগরা।। পূর্ব মেদিনীপুর।।

পেট্রোলের সঙ্গে জল মিশিয়ে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার এগরা ১ ব্লকের কৌড়দা এলাকার 'পাল ফিলিং স্টেশন' নামে একটি পেট্রল পাম্পের বিরুদ্ধে। ভেজাল পেট্রোল ব্যবহারের ফলে একাধিক গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে বলে দাবি স্থানীয় গ্রাহকদের। এই ঘটনাকে কেন্দ্র করে আজ পাম্প চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনির্দিষ্টকালের জন্য পাম্পটি বন্ধ করে দিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই পেট্রল পাম্প থেকে তেল নেওয়ার পর অনেক গ্রাহকই তাঁদের গাড়িতে যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করছিলেন। মেকানিকের কাছে গাড়ি নিয়ে গেলে জানা যায়, তেলের ট্যাঙ্কে প্রচুর পরিমাণে জল রয়েছে, যার জেরে ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ জমতে শুরু করে এলাকায়।
 ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী গ্রাহকেরা একজোট হয়ে কৌড়দার ওই পেট্রল পাম্পটিতে চড়াও হন। পাম্পের কর্মীদের ঘিরে ধরে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রাহকদের অভিযোগ, অধিক মুনাফা লাভের আশায় দিনের পর দিন ধরে পেট্রোলের সাথে জল মিশিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছিল। বিক্ষোভের জেরে পাম্পের স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।এদিকে পেট্রোলের সাথে জল মেশানোর এই গুরুতর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ফিলিং স্টেশনের মালিক। তাঁর দাবি, তেলের গুণগত মানে কোনো কারচুপি করা হয়নি। কোম্পানি এমনি পেট্রল দিচ্ছে। আমাদের কোনো দোষ নাই।
ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় এগরা থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তারা। এলাকায় নতুন করে যাতে কোনো আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, তার জন্য এগরা থানার পুলিশের তরফে আপাতত অনির্দিষ্টকালের জন্য ওই পেট্রল পাম্পটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ